সোমবার, ৩ অক্টোবর, ২০২২

কুড়ি বছর পরে - জীবনানন্দ দাশ

 

কুড়ি বছর পরে
জীবনানন্দ দাশ

 

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি।

আবার বছর কুড়ি পরে -

হয়তো ধানের ছড়ার পাশে

কার্তিকের মাসে-

তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী

নরম-নরম হয় শর কাশ হোগলায়- মাঠের ভিতরে।

 

অথবা নাইকো ধান ক্ষেতে আর;

ব্যস্ততা নাইকো আর,

হাঁসের নীড়ের থেকে খড়

পাখির নীড়ের থেকে খড়

ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল।

 

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার –

তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার।

 

হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে

সরু- সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার,

শিরীষের অথবা জামের,

ঝাউয়েরআমের;

কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে।

 

জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার –

তখন আবার যদি দেখা হয় তোমার আমার!

 

তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে__

বাবলার গলির অন্ধকারে

অশথের জানালার ফাঁকে

কোথায় লুকায় আপনাকে

চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে-

 

সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-

কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে।

 

কবিতা । পৌষ ১৩৪২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মহুয়া পালা : ২ (গারো পাহাড়; বনপ্রদেশ)

  ২ গারো পাহাড়; বনপ্রদেশ   (হুমরা ও মাইন্‌কিয়া সহ দলবলের প্রবেশ) হুমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইন্‌কিয়া ওরে ভাই। খেলা দেখাইবারে চ...

জনপ্রিয়তার হিসেবে